মেক্সিকোর মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্থাপত্য প্রতিযোগিতা ‘২৯তম প্লাস্টিক স্পেশাল এনকাউন্টার ২০২৬’-এ সাফল্য অর্জন করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়টির দুটি দলই সম্মানজনক স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটি মঙ্গলবার (১৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটির (ইউএনএএম) স্থাপত্য অনুষদ ও লুইস ব্যারাগান ওয়ার্কশপের যৌথ আয়োজনে সম্প্রতি এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের ‘স্টুডিও ১.২’ (৪২তম ব্যাচ)-এর শিক্ষার্থীরা অংশ নেন।
প্রতিযোগিতায় ‘এজ অব ইটারনিটি’ প্রকল্পের জন্য দ্বিতীয় স্থান অর্জন করেন মো. হাসিন আলমাস হিমেল, তাসনিম ও শাশ্বতী ঘরামীর দল। এ ছাড়া ‘দ্য লিভিং কিউব’ প্রকল্পের জন্য প্রথম সম্মাননা পুরস্কার জেতেন মোসাদ্দিক চৌধুরী, এইচ এম হাদী ও ইশরাত জাহান সামিয়ার দল।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে মেন্টরদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিজয়ী দলগুলোকে দিকনির্দেশনা দেন টিম অ্যাডভাইজর এমা ইশরাত ও এস এম আহাদুল ইসলাম। এ ছাড়া পুরো প্রক্রিয়ার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্টুডিও শিক্ষক আর্কিটেক্ট শেখ ইতমাম সৌদ, আর্কিটেক্ট মিনহাল আহমেদ ও আর্কিটেক্ট আরিফ মাহতাব কবির।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক অঙ্গনে এটি বাংলাদেশ ইউনিভার্সিটির প্রথম সাফল্য নয়। এর আগে ২০২৪ সালের একই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা তৃতীয় স্থান ও দুটি কমেন্ডেশন অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন।
শিক্ষার্থীদের এ সাফল্যে বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান কাজী জামিল আজহার, বিওটি সদস্য স্থপতি ইকবাল হাবিব ও উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিজয়ী শিক্ষার্থী, মেন্টর ও শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, এ ধারাবাহিক সাফল্য প্রমাণ করে যে বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মেধা, সৃজনশীলতা ও আন্তর্জাতিক মানের স্থাপত্য শিক্ষায় সঠিক পথে এগিয়ে যাচ্ছে।