ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে নিচে পড়ে ছিয়াকুল (৩৯) নামের এক বাগান মালির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ছিয়াকুলের বাড়ি নড়াইলের নড়াগাতী থানার দেবদূত এলাকায়। তার বাবার নাম রয়জুল। তিনি ঢাবির রোকেয়া হলের বাগানের মালি হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের সহকর্মী সুনীল জানান, এদিন সকাল সাড়ে ১০টার দিকে রোকেয়া হলের গাছ থেকে কাঁঠাল পাড়ছিলেন ছিয়াকুল। এ সময় অন্য আরেকটি কাঁঠাল তার মাথার ওপর পড়লে গাছ থেকে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ঢামেক হাসপাতাল নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।