মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ অনুষ্ঠান উপলক্ষে নগরবাসীকে ট্রাফিক ব্যবস্থাপনা অনুসরণের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গণবিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত কুচকাওয়াজ অনুষ্ঠান চলবে। এ ছাড়া বঙ্গভবনে বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। দুই অনুষ্ঠানেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, বিদেশি কুটনৈতিকবৃন্দ, উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এ ছাড়া স্বাধীনতা দিবস উপলল্লখে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিকেল ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত কনসার্ট অনুষ্ঠিত হবে।
ডিএমপি কমিশনার এসব অনুষ্ঠান উপলক্ষে এদিন সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নাগরিকদের নির্ধারিত ট্রাফিক ব্যবস্থাপনা অনুসরণে বিশেষভাবে অনুরোধ করেছেন।
জাতীয় প্যারেড স্কয়ার কেন্দ্রিক যান চলাচল ব্যবস্থাপনায় আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ব্যতীত নিম্নোক্ত সড়কসমূহে অন্য কোনো যানবাহন চলাচল করবে না।
বেগম রোকেয়া সরণির আগারগাঁও লাইট ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং, প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড (আগারগাঁও লিংক রোড) সৈয়দ মাহাবুব মোরশেদ রোডের শিশুমেলা ক্রসিং থেকে আগারগাঁও ক্রসিং জুলাই স্মৃতি যাদুঘর ক্রসিং (পুরাতন গণভবন) থেকে উড়োজাহাজ ক্রসিং নিম্নবর্ণিত ক্রসিংসমূহে যানবাহনের ডাইভারশন কার্যকর থাকবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় ক্রসিংয়ের পশ্চিম প্রান্ত আগারগাঁও লাইট ক্রসিংয়ের পূর্ব ও পূর্ব-দক্ষিণ প্রান্ত শিশুমেলা ক্রসিং থেকে সৈয়দ মাহাবুব মোরশেদ রোড (আগারগাঁও) জুলাই স্মৃতি যাদুঘর ক্রসিং (পুরাতন গণভবন) খেজুরবাগান ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং উল্লিখিত ডাইভারশন পয়েন্টসমূহের যান চলাচল ব্যবস্থাপনা:
জাহাঙ্গীরগেট থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পশ্চিম প্রান্ত থেকে আগারগাঁও লাইট ক্রসিং ও বিআইসিসি ক্রসিংগামী যানবাহনসমূহ বিজয়সরণি রাইট টার্ন করে উড়োজাহাজ ক্রসিং ও লেকরোড হয়ে মিরপুররোড দিয়ে চলাচল করবে। যানবাহনসমূহ মিরপুর-১০ হতে বেগম রোকেয়া সরণি হয়ে মহাখালী/বিজয়সরণি/ ফার্মগেট/ধানমন্ডি/ নিউমার্কেটগামী আগারগাঁও লাইট ক্রসিং থেকে রাইট টার্ন করে শিশুমেলা দিয়ে মিরপুর রোড হয়ে চলাচল করবে।
এ ছাড়া ফার্মগেট/বিজয় সরণি হতে আগত যানবাহনসমূহ রোকেয়া সরণি হয়ে মিরপুর অভিমুখে চলাচলের পরিবর্তে খেজুরবাগান হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে মিরপুর রোড হয়ে চলাচল করবে।
ধানমন্ডি থেকে আগত যানবাহনসমূহ রোকেয়া সরণি হয়ে কাজীপাড়া/শেওড়াপাড়া/মিরপুর-১০ অভিমুখে চলাচলের পরিবর্তে মিরপুর রোড-টেকনিক্যাল মোড় হয়ে চলাচল করবে।
মিরপুর-শ্যামলী-শিশুমেলা থেকে আগত যানবাহনসমূহ বীর উত্তম আজিজুর রহমান সড়ক হয়ে মহাখালী অভিমুখে চলাচলের পরিবর্তে মিরপুর রোড হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ-খেজুরবাগান-ফার্মগেট-বিজয় সরণি দিয়ে চলাচল করবে।