কুমিল্লা-৪ আসনের এমপি ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ‘হস্তক্ষেপে’ মগবাজার বাদে অন্য সব শাখা চালু রাখার ঘোষণা দিয়েছে নবীন ফ্যাশন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বুধবার (২৫ মার্চ) দুপুরের দিকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটি।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘ঈদের আগের দিন মগবাজার শাখা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার কারণে এবারের ঈদ আনন্দ উৎসব কিন্তু চলবে ১৫ দিন—ইনশাআল্লাহ। হাসনাত আবদুল্লাহ এমপির উদ্যোগে মগবাজার শাখা ব্যতীত অন্যান্য শাখা চালুসহ আকর্ষণীয় অফার নিয়ে নবীন ফ্যাশন ব্যবস্থাপনা পরিচালক চায়না থেকে ফেসবুক লাইভের মাধ্যমে ঈদ উৎসব জানাবেন—ইনশাআল্লাহ।’
এর আগে মঙ্গলবার দেশজুড়ে আলোচনার মধ্যে ছিল নবীন পাঞ্জাবির মালিক এনামুল হাসান নবীনের দেশত্যাগ। ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, ‘সিংহের মতো বাঁচতে চাই। কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন দেশে ফিরব ইনশাআল্লাহ।’
রাজধানীর মগবাজারে মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলন করেন এনামুল হাসান। সেখানেই দেশত্যাগের ঘোষণা দেন নবীন ফ্যাশনের মালিক। সেই সঙ্গে বলেন, ‘আমাদের লক্ষ্য গ্রাহকের কাছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা। এর কারণে যদি আমাদের বাধার সম্মুখীন হতে হয়, তাহলে আমরা ব্যবসা বন্ধ করে দেব। আমি আবার প্রবাসে ফিরে যাব। আমার মনে হয় বাংলাদেশে ব্যবসা করা হবে না।’
প্রসঙ্গত, ঈদুল ফিতরের আগের দিন, অর্থাৎ গত ২০ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে কম দামে পাঞ্জাবি বিক্রি করায় আশপাশের ব্যবসায়ীদের রাজধানীর মগবাজারে নবীন ফ্যাশনের দোকান বন্ধ করে দিতে দেখা যায়। এ ছাড়া কম দামে পণ্য বিক্রিকে ‘রিলিফ দেওয়ার’ সঙ্গে তুলনা করে আপত্তি জানাতেও দেখা যায় প্রতিবেশী দোকানদারদের। এ সময় পুলিশের উপস্থিতিও দেখা গেছে।