নবীনের দোকান বন্ধ
রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে নবীন ফ্যাশনের দোকান বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক এএসআইকে ক্লোজড করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারে একটি দোকানে সংঘটিত ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ডিএমপি। শুক্রবার (২০ মার্চ) মার্কেটের একটি দোকানে পাঞ্জাবি বিক্রয়ের অফার নিয়ে মার্কেট কমিটির সঙ্গে সংশ্লিষ্ট শোরুমে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
এ ছাড়া বর্ণিত পরিস্থিতিতে ইতোমধ্যে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ডিএমপি হেডকোয়ার্টার্সে ও এক এএসআইকে রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে গত ২০ মার্চ ঈদের আগের দিন বিশাল সেন্টারে অবস্থিত নবীন ফ্যাশনের ওই শোরুমটি জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, আশপাশের ব্যবসায়ীরা পুলিশের সহায়তায় দোকানটি বন্ধ করে দেন। কম দামে পণ্য বিক্রিকে ‘রিলিফ কার্যক্রমের’ সঙ্গে তুলনা করে আপত্তিও জানানো হয়।
এদিকে নবীন ফ্যাশনের ওই দোকানটি ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করা হয়েছে। এ ছাড়া পুলিশের উপস্থিতিতে দোকানটি বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ফৌজদারি কার্যবিধির ২৫ ধারার ক্ষমতা বলে জাস্টিস অব পিস হিসেবে স্বপ্রণোদিত হয়ে বুধবার এ আদেশ দেন।
আদালতের আদেশে বলা হয়েছে, একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত এক খবরে দেখা যায়, মগবাজারে বিশাল সেন্টার মার্কেটে নবীন ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকানে একদল লোক পুলিশসহ উপস্থিত হয়ে দোকান বন্ধ করে দেয়। ঘটনাস্থলে কিছু ব্যক্তিকে উচ্ছৃঙ্খল আচরণ করতেও দেখা যায়। তবে এ সময় পাশে থাকা পুলিশ সদস্যরা নির্লিপ্ত ছিলেন।