ট্রেনের ছাদ থেকে পড়ে রাজধানীর গেন্ডারিয়া থানাধীন রেল স্টেশনে আশরাদুল (১৩) নামের এক কিশোর গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
শনিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় গেন্ডারিয়া রেল স্টেশনে নারায়ণগঞ্জগামী একটি চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা যায়, মৃত শিশু নারায়ণগঞ্জ জেলার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বসবাস করতেন।
ট্রেন যাত্রী ইউসুফ জানান, অসতর্কতায় হঠাৎ করে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এই কিশোর গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ৪টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। জরুরী বিভাগের চার নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাখা হলে বিকেল সাড়ে ৫টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়।