জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) আনুষ্ঠানিকভাবে 'ক্লিনিং ডে' উদযাপিত হয়েছে। শনিবাবার (৯ মে) ডিএসসিসির ১০টি অঞ্চলে একযোগে দিবসটি উদযাপিত হয়।
এর আগে, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ার লক্ষ্যে ডিএসসিসি প্রশাসকের উদ্যোগে প্রতি মাসের প্রথম শনিবারকে ‘ক্লিনিং ডে’ হিসেবে ঘোষণা করা হয়। এর অংশ হিসেবে আজ ছিল প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ ও নগরীকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এই কর্মসূচি শুরু করা হয়েছে।
ডিএসসিসির ১০টি অঞ্চলেই একযোগে পরিচালিত হয় এই পরিচ্ছন্নতা অভিযান। সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা সরাসরি মাঠপর্যায়ে উপস্থিত থেকে কর্মসূচির নেতৃত্ব দেন। এতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সর্বস্তরের মানুষ অংশ নেন। বিশেষ এই কর্মসূচিতে ডিএসসিসি এলাকার সরকারি ও বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যক্তিগত প্লট মালিকরাও নিজ নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানে শামিল হন।
সকালে ১২ নম্বর ওয়ার্ডের মালিবাগ এলাকায় আধুনিক অন্তর্বর্তীকালীন বর্জ্য হস্তান্তর কেন্দ্র (এসটিএস) ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধনকালে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ‘সবাই মিলে কাজ করলে আগামী ছয় মাসেই বদলে যাবে ঢাকা শহর। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। আজ যেভাবে প্রতিটি প্রতিষ্ঠান ও ব্যক্তি নিজ নিজ আঙিনা পরিষ্কারে এগিয়ে এসেছেন, এই ধারা অব্যাহত থাকলে ঢাকা একটি আধুনিক ও সবুজ নগরীতে পরিণত হবে।’
প্রশাসক জানান, প্রতি মাসের প্রথম শনিবার রাজধানীর প্রতিটি বাড়ি, বাজার, আবাসিক এলাকা, মসজিদ ও মার্কেটসহ সব জায়গায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। এ ছাড়া সরকারি অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ প্রতি মাসের প্রথম সপ্তাহে অফিস চলাকালীন যেকোনো একদিন এই কর্মসূচিতে অংশ নেবে।