ঈদের দিন রাত ১২টা পর্যন্ত ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে ১৪ হাজার ৮১৪ টন বর্জ্য ল্যান্ডফিলে ডাম্প করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শুক্রবার (২৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএসসিসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু ও অস্থায়ী হাটের বর্জ্য দ্রুত অপসারণে দ্বিতীয় দিনেও জোরদার কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ১১ হাজার ৭৭৬ টন বর্জ্য অপসারণে দিন-রাত কাজ করছেন পরিচ্ছন্নতাকর্মীরা। এরই মধ্যে ঈদের দিন রাত ১২টা পর্যন্ত ১৪ হাজার ৮১৪ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্প করা হয়েছে।
ডিএসসিসি আরও জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় কোরবানির পশু ও অস্থায়ী হাটের বর্জ্য দ্রুত অপসারণে নিরবচ্ছিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। নগরবাসীকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ উপহার দিতে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা মাঠে থেকে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
এদিকে শুক্রবার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম শাহজাহানপুর রেলওয়ে কলোনির অস্থায়ী কোরবানির পশুর হাট পরিদর্শন করেন। এ সময় তিনি চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত কাজ শেষ করার প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘ঈদুল আজহার প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও কোরবানির পশুর বর্জ্য এবং অস্থায়ী হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম অত্যন্ত জোরদারভাবে পরিচালিত হচ্ছে। নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে সব বর্জ্য অপসারণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি আরও জানান, ঈদের দ্বিতীয় দিনে বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৭৭৬ টন। পরিচ্ছন্নতাকর্মী, পরিবহন কর্মী ও সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যেই এই লক্ষ্যমাত্রা অর্জিত হবে।