রাজধানীর কলাবাগানে ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর ঘটেছে। নিহতের নাম সাদমান ওয়াসিফ সুপান্ত। সে এবারের এসএসসি পরীক্ষার্থী। এ ঘটনায় নিহতের ছোট ভাই রাফিদ আরিয়ান শুদ্ধকে আটক করেছে পুলিশ।
রোববার (৩১ মে) দিবাগত রাত ১টার দিকে স্কয়ার হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শামছুল হক সুমন জানান, গত ২০২১ সালে তাদের বাবা-মায়ের ডিভোর্স হয়ে যায়। বাবা কানাডা প্রবাসী। আর মা অন্যত্র বিয়ে করে মধ্য বাড্ডা এলাকায় থাকেন। তাদের গ্রামের বাড়ি বগুড়ার আদমদিঘী থানার হারভাংগা গ্রামে।
তিনি আরও জানান, বড় ভাই সুপান্ত এবার গভমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। ছোট ভাই একই স্কুলের দশম শ্রেণিতে পড়ে। কলাবাগানের বাসায় তারা দুই ভাই থাকত। গতরাত সাড়ে ৯টার দিকে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া ও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই শুদ্ধ লোহার ডাম্বেল দিয়ে বড় ভাই সুপান্তর মাথায় সজোরে আঘাত করে। এতে বড় ভাইয়ের মাথা ফেটে মগজ বের হয়ে যায়। দ্রুত তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই সুমন জানান, বাবা-মায়ের বিচ্ছেদ, দুই ভাইয়ের একা একা বসবাস করা, কাজের বুয়ার রান্না খাওয়া এসব বিষয় নিয়ে মাঝে মধ্যে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য হতো। এর জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই ছোট ভাই রাফিদ আরিয়ান শুদ্ধকে আটক করা হয়েছে।