সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) প্রবীণ নেতা তোফায়েল আহমেদের জানাজা শেষে দলটির নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টার সময় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদের সামনে থেকে ধানমন্ডি থানা পুলিশ কয়েকজনকে আটক করে।
পুলিশ জানিয়েছে, বিকেলে তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে ও শুরুর সময় দলটির নেতাকর্মীরা মসজিদের সামনে জড়ো হতে থাকেন। পরে জানাজা শেষে তারা মিছিল করার চেষ্টা করেন এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন। এসময় তারা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এর আগে এদিন বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।