রাজধানীর হাতিরঝিল এলাকায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে কাইল্যা পলাশকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ জুন) দুপুর পৌনে ২টার দিকে রামপুরা ব্রিজ-সংলগ্ন একরামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, গুলিবিদ্ধ অবস্থায় পলাশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।
তিনি আরও বলেন, কে বা কারা তাকে গুলি করেছে এবং ঘটনার পেছনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
উল্লেখ্য, গত বছরের ১০ নভেম্বর রাজধানীর সূত্রাপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে। এছাড়া চলতি বছরের ২৮ এপ্রিল নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত হন আরেক শীর্ষ সন্ত্রাসী খন্দকার নঈম আহমেদ টিটন।