রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সক্রিয় কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ অন্যতম সক্রিয় সদস্য শিশির আহম্মেদ ইমনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিশির আহম্মেদ ইমন, আব্দুল্লাহ ও আল আমিন। বুধবার (১৭ জুন) ভোরে মিরপুর-১২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। একইদিন বিকেলে র্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি মিরপুর ও পল্লবী এলাকায় কয়েকটি কিশোর গ্যাংয়ের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। এর মধ্যে আশিকুর রহমান শান্ত ওরফে আশিকের নেতৃত্বাধীন ‘ভইরা-দে গ্রুপ’ অন্যতম।
র্যাবের ভাষ্য অনুযায়ী, গত ২৩ মে সন্ধ্যায় পল্লবী থানার একটি মুদি দোকানের সামনে পূর্ববিরোধের জেরে জাহিদ হাসান সুমন, বিপ্লব ও তাদের ভাই হৃদয়ের পথরোধ করে মারধর করা হয়। এ ঘটনায় ইমনসহ সাত-আটজন জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘ভইরা-দে গ্রুপের’ সদস্যরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব, আগ্নেয়াস্ত্র প্রদর্শন, গোলাগুলি, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলেও জানায় র্যাব।
র্যাব জানায়, ঘটনার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র্যাব।