রাজধানীর পল্লবীতে গাড়িতে থাকা এক যাত্রীর মোবাইল নিয়ে পালানোর সময় মো. মানিক (২৯) নামে এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে ট্রাফিক পুলিশ। শুক্রবার (১৯ জুন) দুপুর সোয়া ১২টার দিকে পল্লবীর কালশী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
মিরপুর ট্রাফিক বিভাগ জানিয়েছে, দুপুরে কালশী মোড়ে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সার্জেন্ট এম এস মাহমুদ আলি। এ সময় একটি মাইক্রোবাসের কাগজপত্র যাচাই করছিলেন তিনি। সেই সময় এক যাত্রীর মোবাইল নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন মানিক। বিষয়টি খেয়াল করে সার্জেন্ট মাহমুদ তাকে ধাওয়া করে আটক করেন। পরে মোবাইলটি তার মালিককে বুঝিয়ে দেন।
ডিএমপি মিডিয়ার অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।
নিয়াজ মেহেদী বলেন, ছিনতাইকারীকে আটকের পর পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।