রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসার সামনে বিএনপির এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ জুন) বেলা আড়াইটার দিকে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মো. নুরুল ইসলাম (৫৫)। তিনি মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে নুরুল ইসলাম তার বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে কয়েকজন ব্যক্তি এসে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এসময় রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহতের ভাতিজা ইয়াসিন জানান, স্থানীয় লোকজনের সহায়তায় প্রথমে নুরুল ইসলামকে কাছাকাছি একটি হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি জরুরি বিভাগের অধীনে চিকিৎসাধীন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাজনৈতিক শত্রুতার জেরে নুরুল ইসলামকে আহত করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অপরাধীদের ধরতে র্যাব ও পুলিশ যৌথভাবে কাজ করছে।’