বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালবিরোধী অভিযানে দুই ব্যক্তি আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। বুধবার (২৪ জুন) দুপুরে রাজধানীর কাফরুলে অবস্থিত বিআরটিএ কার্যালয়ে এ অভিযান চালান দায়িত্বরত আনসার সদস্যরা।
জানা গেছে, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদসহ বিভিন্ন সেবা দ্রুত পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে একটি চক্র সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করে আসছিল। এদিন দুপুর দেড়টার দিকে দুই ব্যক্তি সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ নেওয়ার চেষ্টা করলে বিষয়টি আনসার সদস্যদের নজরে আসে। পরে রানা (৩৬) ও কবির হোসেন (৪৭) নামের দুই ব্যক্তিকে গোপনে পর্যবেক্ষণে রাখা হয়। একপর্যায়ে টাকা লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পর তাদের হাতেনাতে আটক করা হয়।
আটকের পর বিআরটিএ কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগের সত্যতা, প্রাপ্ত প্রমাণ ও অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দুই দণ্ডপ্রাপ্তকে কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা। সরকারি সেবা নিতে এসে কেউ যেন প্রতারণা, হয়রানি বা দালালচক্রের খপ্পরে না পড়েন, সে লক্ষ্যে বিআরটিএসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।