রাজধানীর শাহবাগ থানাধীন আজিজ সুপার মার্কেটের একটি কক্ষ থেকে ফারা ফেরদৌস (২৭) নামের এক মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।
দীর্ঘ তিন দিন পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর স্বজনরা ভাড়া বাসায় গিয়ে মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠান।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল হক বলেন, ‘আমরা খবর পেয়ে আজিজ সুপার মার্কেটের ১৪ তলার ৮/এস নম্বর ফ্ল্যাটের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলে জানতে পারি গত তিন দিন ধরে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হচ্ছিল না। বারবার ফোন করেও সাড়া না পেয়ে স্বজনরা শুক্রবার বিকেলে ঢাকায় এসে তার কক্ষে যান। পরে ওই কক্ষে তার মরদেহ দেখে আমাদেরকে খবর দেন।’
একরামুল হক জানান, বিষয়টির বিস্তারিত জানার চেষ্টা চলছে, ময়নাতদন্তের প্রতিবেদনের পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত ফারা ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার বাসিন্দা। তিনি মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস করেন, পরে উচ্চতর ডিগ্রীর জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছিলেন।