রাজধানীর শাহবাগ এলাকা থেকে ৪০ লাখ জাল টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী রোববার (২৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে শনিবার রাতে শাহবাগ থানার মোতালিব প্লাজায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো—নাফিজ আহম্মেদ (২৬), মো. রহমত উল্লাহ (২৬), ইয়াকুব আলী চৌধুরী (৩৯) ও রুবেল (৪২)।
পুলিশ জানায়, শনিবার রাতে মোতালিব প্লাজার পঞ্চম তলায় একটি দোকানে কতিপয় ব্যক্তিরা বিপুল পরিমাণ জাল টাকাসহ অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৪০ লাখ জাল টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।