আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন এক মা। ছোট ছেলেকে একনজর দেখার জন্য ছটফট করছেন তিনি। মায়ের গুরুতর অসুস্থতার খবর পেয়ে মাদরাসা থেকে তাকে দেখতে বেরিয়ে ২২ বছর বয়সী ওই শিক্ষার্থী পথেই নিখোঁজ হয়ে যান। তিন দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। পরিবারের একটাই প্রশ্ন—কোথায় মির্জা আফজালুল বাশার?
রাজধানীর ডেমরা সাইনবোর্ড এলাকার জামিয়াতু ইব্রাহীম সাইনবোর্ড মাদরাসা থেকে মির্জা আফজালুল বাশার (২২) নামের ওই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর রহস্যের সৃষ্টি হয়েছে। গত ২৭ জুন ভোর সাড়ে ৫টার দিকে মাদরাসা থেকে বের হওয়ার পর থেকে আজ সোমবার (২৯) পর্যন্ত তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ বাশারের স্থায়ী বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়। তিনি ডেমরার ওই মাদরাসায় থেকে পড়াশোনা করতেন। গত শনিবার ভোরে তিনি জানতে পারেন, তার মা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন। নিখোঁজ শিক্ষার্থীর বড় ভাই মির্জা আতিকুর রহমান জানান, মুমূর্ষু মাকে দেখার জন্য আফজালুল ব্যাকুল হয়ে পড়েছিলেন। মাদরাসা থেকে বের হওয়ার ঠিক আগে পরিবারের সদস্যদের সঙ্গে তার শেষ কথা হয়। এরপর হাসপাতাল কিংবা জামালপুরের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি।
ঘটনার সত্যতা জানতে নাগরিক প্রতিদিনের পক্ষ থেকে জামিয়াতু ইব্রাহীম সাইনবোর্ড মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানের প্রতিনিধি আমীর হামজা বলেন, মির্জা আফজালুল বাশার গত রমজানে মাদরাসাটিতে ভর্তি হন। সেখানে থাকাকালে তার আচার-আচরণে শিক্ষকরা অত্যন্ত সন্তুষ্ট ছিলেন। তাকে সবাই অত্যন্ত নম্র, ভদ্র ও বিনয়ী শিক্ষার্থী হিসেবেই চিনতেন।
মাদরাসা কর্তৃপক্ষের এমন বক্তব্যের পর ঘটনাটি আরও রহস্যময় হয়ে উঠেছে। শান্ত-স্বভাবের একজন শিক্ষার্থী ডেমরা থেকে যাত্রাবাড়ী বা হাসপাতালের পথে কীভাবে নিখোঁজ হলেন, তা নিয়ে পরিবারের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে।
কোনো উপায় না পেয়ে পরিবার ইতোমধ্যে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। একদিকে আইসিইউতে থাকা মায়ের চিকিৎসার ব্যয়, অন্যদিকে ছেলের নিখোঁজ হওয়ার ঘটনায় পুরো পরিবার দিশেহারা হয়ে পড়েছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার কাছে মানবিক সহযোগিতা কামনা করেছেন।
যদি কোনো সহৃদয় ব্যক্তি মির্জা আফজালুল বাশারের বিষয়ে কোনো তথ্য পেয়ে থাকেন, তাহলে তার পরিবার ০১৭৫৯১৩১৪৬৩ নম্বরে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।