রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত নিয়মিত অভিযানে ৩৬৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় মাদক ও দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অভিযানে বিভিন্ন থানায় মোট ৬০টি মামলা দায়ের হয়েছে।
ডিএমপি সোমবার (৬ জুলাই) আরও জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ২০ জন, লালবাগ বিভাগ থেকে ২১ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৯ জন, মতিঝিল বিভাগ থেকে ৬৩ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫০ জন, মিরপুর বিভাগ থেকে ৬৯ জন, গুলশান বিভাগ থেকে ৪১ জন, উত্তরা বিভাগ থেকে ৪২ জন ও গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে আটজন রয়েছেন।
অভিযানের সময় ৮৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা, সাত হাজার ৯৭৭টি ইয়াবা, পাঁচটি চাকু, একটি কাঁচি, দুটি স্টেইনলেস (এসএস) স্টিলের পাইপ ও তিনটি লাঠি উদ্ধার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।