রাজধানীর হাতিরঝিলে লেক থেকে মো. আজিম উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাতিরঝিল রেইনবো ক্রসিংসংলগ্ন ১ নম্বর সেতুর পাশের লেক থেকে বুধবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আজিম উদ্দিন পশ্চিম রামপুরার উলন রোডের শিমুলবাগ এলাকার বাসিন্দা। তিনি মো. কফিল উদ্দিনের ছেলে।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম অভি জানান, সকালে লেকে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা পানিতে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন তৈরির পর বেলা ১২টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।