রাজধানীর মিরপুর ১০ নম্বর ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা এ দুই স্থানে গেছে। ফলে সাময়িকভাবে স্টেশন দুটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। মেট্রোরেল এই স্টেশন দুটিতে থামছে না।
শনিবার (১ আগস্ট) সংস্থাটির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক বলেন, ‘একসঙ্গে দুই জায়গায় বোমা পাওয়ার খবর পাওয়া গেছে, মিরপুর ও তেজগাঁওয়ে। আমাদের টিম কাজ করছে।’
মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মোস্তাক সরকার বিডিনিউজ সংবাদমাধ্যমে বলেন, ‘একটু আগেই খবর পেয়েছি৷ সিটিটিসি এসেছে, তারা বিষয়টি দেখছে৷ আপাতত বলা যাচ্ছে না, এটি আইইডি কি না৷’
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ‘ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে একটি পিলারের কাছে একটি বস্তা পাওয়া গেছে। সন্দেহজনক হওয়ায় আমরা বোম ডিসপোজাল ইউনিটকে ডেকেছি।’