রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে রোগীকে প্রলোভন দেখিয়ে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার চেষ্টার অভিযোগে মো. সিয়াম (২৪) নামে এক যুবককে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। সোমবার (৩ আগস্ট) সকাল আনুমানিক ৯টার দিকে হাসপাতাল প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।
আটক সিয়াম গাজীপুর থেকে চিকিৎসা নিতে আসা মোছা. আয়েশা (৫০) নামে এক রোগীকে দ্রুত প্যাথলজি পরীক্ষা করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার মাধ্যমে একটি দালাল চক্র দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। এসব অপতৎপরতা রোধে আনসার সদস্যরা নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছেন।
দায়িত্বরত আনসার সদস্যদের নজরে বিষয়টি এলে তারা তাৎক্ষণিক অভিযান চালিয়ে মো. সিয়ামকে আটক করেন। পরে তাকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা ও পেশাদারিত্বের প্রশংসা করে হাসপাতাল প্রাঙ্গণ দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সরকারি হাসপাতালগুলোতে রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দালালচক্র, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে তাদের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করে আসছেন।