রাজধানীর ধানমন্ডিতে উপড়ে পড়া একটি বড় গাছ পার্কিং করে রাখা দুটি প্রাইভেটকারের ওপর পড়েছে। এতে গাড়ি দুটি ক্ষতিগ্রস্ত হলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (১০ আগস্ট) রাতে ধানমন্ডির আবাহনী মাঠের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করে জানান, আবাহনী মাঠের পশ্চিম পাশে সড়কের পাশে থাকা একটি বড় গাছ উপড়ে পার্কিং করে রাখা দুটি প্রাইভেটকারের ওপর পড়ে যায়। গাছটির একটি অংশ সড়কের ওপরও পড়ে। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।
গাছ উপড়ে পড়ার ঘটনায় প্রথমে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জানান, রাত ৮টা ৪০ মিনিটের দিকে গাছ পড়ে যাওয়ার খবর পেয়ে ধানমন্ডির আবাহনী মাঠের পাশে ঘটনাস্থলে একটি ইউনিট পাঠানো হয়।
তিনি জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে গাছটি সরানোর কাজ শুরু করেছেন। গাছটি সরানো হলে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।