রাজধানীর বংশাল মুকিমবাজার এলাকায় একটি হেলমেটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা ৬টার দিকে বংশালের মুকিমবাজার এলাকায় হেলমেটের একটি গোডাউনে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।