রাজধানীর সড়কে যাত্রা শুরুর প্রথম দিনেই অন্য একটি বাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে নারীদের জন্য চালু করা ‘পিংক বাস’। বলাকা পরিবহনের একটি বাসের ধাক্কায় পিংক বাসটি ক্ষতিগ্রস্ত হয়। গুলশান ট্রাফিক বিভাগ আওতাধীন এলাকায় মঙ্গলবার (১৮ আগস্ট) এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই সেখানে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন। পরে সড়ক আইন ভঙ্গের অভিযোগে বলাকা পরিবহনের বাসটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং জরিমানা করা হয়।
সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সড়কে নামার পরপরই পিংক বাসের সঙ্গে বলাকা পরিবহনের বাসটির ধাক্কার ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
রাজধানীতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যদায়ক গণপরিবহন সুবিধা নিশ্চিত করার উদ্দেশ্যে পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে। এই পরিবহনের বিশেষ দিক হলো—বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীদের নিয়োজিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।