নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণ করবেন। অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি ও সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা ও বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের যানবাহন নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে শুক্রবার দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবন ও আশপাশের এলাকায় নিম্নোক্ত ট্রাফিক নির্দেশনা অনুসরণের জন্য সবাইকে অনুরোধ করা হলো।
তবে নির্দেশনাগুলো বঙ্গভবনে আগত আমন্ত্রিত অতিথিদের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।
১। মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) ও রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত সব যানবাহনের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
২। শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী সব বাস দৈনিক বাংলা-ইউবিএল-প্রেসক্লাব হয়ে চলাচল (আসা-যাওয়া) করবে অথবা অন্য কোনো সুবিধাজনক বিকল্প সড়ক ব্যবহার করবে।
৩। দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখে কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।
৪। হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনগুলো জিরো পয়েন্টে ইউটার্ন না করে বামে ফুলবাড়িয়া অথবা ডানে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা-শাপলা চত্বর অথবা জিরো পয়েন্ট-ইউবিএল ক্রসিং-নাইটিঙ্গেল ক্রসিং-ফকিরাপুল ক্রসিং-ইত্তেফাক হয়ে চলাচল করবে।
গণবিজ্ঞপ্তিতে উপরোল্লিখিত রাস্তাগুলো বাদ দিয়ে অন্য কোনো সুবিধাজনক বিকল্প রাস্তায় চলাচল করার জন্য গাড়ি চালকদের অনুরোধ করা হয়।
এতে আরও বলা হয়, এ ট্রাফিক ব্যবস্থাপনার ফলে উক্ত রাস্তা ও এলাকায় যানবাহন চলাচল সাময়িকভাবে বিঘ্ন ঘটায় ডিএমপি আন্তরিকভাবে দুঃখিত। এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবার সহযোগিতা কামনা করছে।