চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেছে। আগামী নভেম্বর মাসের মাঝামাঝি ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান।
শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমকে তিনি বলেন, ইতোমধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ হবে আগামী ৯ সেপ্টেম্বর। পরিকল্পনা অনুযায়ী নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে শিক্ষা বোর্ডগুলো।
গত ২ জুলাই চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এবার পরীক্ষায় অংশ নিতে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছেন। সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা গত ৮ আগস্ট শেষ হয়েছে। তবে বন্যার কারণে কয়েকটি পরীক্ষা স্থগিত হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ হবে ৯ সেপ্টেম্বর।
বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার জেলার পরীক্ষা ৮ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৪ আগস্ট। ওই দিন সকাল ১০টায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে।
সব পরীক্ষা শেষ হওয়ার পর ফল প্রস্তুত ও প্রকাশের আনুষ্ঠানিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো।