জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘দ্য ডোনা রিড শো’ ও ‘কোচ’-খ্যাত অভিনেত্রী শেলি ফ্যাবারেস মারা গেছেন। শনিবার (২২ আগস্ট) লস অ্যাঞ্জেলেসে অসুস্থতার পর ৮২ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন তার স্বামী ও ‘এমএএস*এইচ’খ্যাত অভিনেতা মাইক ফ্যারেল। ১৯৮৪ সালে তাদের বিয়ে হয়।
এক বিবৃতিতে শেলির পরিবার জানায়, পরিবার ও বন্ধুদের কাছে তিনি ছিলেন ভালোবাসা, শক্তি, হাসি ও স্বস্তির উৎস। তার উষ্ণতা, উদারতা, রসবোধ ও প্রাণবন্ত ব্যক্তিত্ব তাঁকে কাছের মানুষদের জীবনে বিশেষ করে তুলেছিল।
১৯৫৮ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত প্রচারিত ‘দ্য ডোনা রিড শো’-তে মেরি স্টোন চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান শেলি। সিরিজটিতে তিনি ডোনা স্টোনের কিশোরী মেয়ের চরিত্রে অভিনয় করেন। তার অভিনয় তাকে সে সময়ের জনপ্রিয় টেলিভিশন তারকাদের একজন করে তোলে।
অভিনয়ের পাশাপাশি গানেও নিজের ভাগ্য পরীক্ষা করেছিলেন শেলি। ১৯৬২ সালে তার গাওয়া ‘জনি অ্যাঞ্জেল’ গানটি বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে উঠে আসে। তবে পরবর্তী সময়ে তিনি মজা করে বলেছিলেন, ভালো গাইতে না পারায় গানটির রেকর্ডিংয়ে অনেকটা ডাবিংয়ের ওপর নির্ভর করতে হয়েছিল।
টেলিভিশনের পাশাপাশি বড় পর্দাতেও সফল ছিলেন শেলি। ষাটের দশকে জনপ্রিয় গায়ক ও অভিনেতা এলভিস প্রিসলির সঙ্গে পরপর তিনটি সিনেমায় অভিনয় করেন তিনি। সিনেমাগুলো হলো—‘গার্ল হ্যাপি’ (১৯৬৫), ‘স্পিনআউট’ (১৯৬৬) ও ‘ক্ল্যামবেক’ (১৯৬৭)।
এলভিসের সঙ্গে প্রথম সিনেমার শুটিংয়ের স্মৃতিচারণা করে এক সাক্ষাৎকারে শেলি জানিয়েছিলেন, সেটে এলভিসকে প্রথমবার হাঁটতে দেখেই উপস্থিত সবাই যেন থমকে গিয়েছিলেন। তার উপস্থিতি এতটাই আকর্ষণীয় ছিল যে কারও মুখে কথা আসছিল না বলেও জানিয়েছিলেন তিনি।
পরবর্তী সময়ে ‘কোচ’ কমেডি সিরিজে ক্রিস্টিন আর্মস্ট্রং চরিত্রে অভিনয় করে নতুন করে দর্শকপ্রিয়তা অর্জন করেন শেলি। আট মৌসুম ধরে চলা সিরিজটিতে তার চরিত্রটি ছিল একজন টেলিভিশন সংবাদ উপস্থাপকের। পরে চরিত্রটি হেইডেন ফক্সের প্রেমিকা ও স্ত্রী হয়। এই অভিনয়ের জন্য দুবার এমি অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়েছিলেন তিনি।
এ ছাড়া ‘ওয়ান ডে অ্যাট আ টাইম’ সিরিজেও অভিনয় করেন শেলি। ১৯৭১ সালের টেলিভিশন সিনেমা ‘ব্রায়ান’স সং’-এ প্রয়াত ফুটবলার ব্রায়ান পিকোলোর স্ত্রী চরিত্রে অভিনয় করেও প্রশংসা পান তিনি।
১৯৪৪ সালের ১৯ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় জন্ম শেলি ফ্যাবারেসের। মাত্র তিন বছর বয়সে মায়ের হাত ধরে মডেলিংয়ে পা রাখেন তিনি। সেখান থেকেই টেলিভিশনে অভিনয়ের সুযোগ পান। মাত্র ৯ বছর বয়সে ফ্র্যাঙ্ক সিনাত্রার সঙ্গে একটি টেলিভিশন অনুষ্ঠানে দেখা যায় তাকে।
ব্যক্তিজীবনে গুরুতর স্বাস্থ্যঝুঁকির মধ্য দিয়েও যেতে হয়েছে এই অভিনেত্রীকে। ২০০০ সালের অক্টোবরে তার লিভার প্রতিস্থাপন করা হয়। এর আগে প্রায় দুই বছর প্রতিস্থাপনের জন্য অপেক্ষমাণ তালিকায় ছিলেন তিনি।
দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন ও চলচ্চিত্রে অসংখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন শেলি ফ্যাবারেস। তার মৃত্যুতে মার্কিন বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।