ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে মামলা করা হয়েছে ৪৭টি।
শুক্রবার (২১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৬, লালবাগ বিভাগে ৩১, ওয়ারী বিভাগে ৯১, মতিঝিল বিভাগে ৪৮, তেজগাঁও বিভাগে ৫১, মিরপুর বিভাগে ১৩১, গুলশান বিভাগে ৪৫, উত্তরা বিভাগে ৫৯, গোয়েন্দা বিভাগে চার ও সিটিটিসি বিভাগে দুইজন রয়েছে।
অভিযানকালে দুইটি দেশীয় তৈরি পাইপ গান, দুই রাউন্ড কার্তুজ, চারটি চার্জারে মোট ৩৯ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ১০ হাজার ২৮৭ পিস ইয়াবা, এক কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭০ বোতল স্কাফ, একটি চাকু, একটি কাঁচি, একটি ব্লেডের অংশ বিশেষ, পাঁচটি মোবাইল ফোন, নগদ চার লাখ ৯৯ হাজার ৮৭০ টাকার একটি হাত ঘড়ি, ১৫৬ পিস তাস, একটি ট্রাক, একটি মোটরসাইকেল ও একটি সিপিইউ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।