রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় বিদ্যুৎ শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ হকার ও ব্যবসায়ীরা সিটি করপোরেশনের একটি ময়লার গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনা নিয়ন্ত্রণে চেষ্টা করছি।’
তিনি বলেন, বর্তমানে হকার ও ব্যবসায়ীদের দখলে মিরপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে। পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, মিরপুরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।