রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে নাজমুল হক নিয়াজ (৩৩) নামে এক বেসরকারি চাকরিজীবীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে এ ঘটনায় মামলা করেছেন নিহতের শ্বশুর।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উত্তর বাড্ডার পুরোনো থানা রোডের ২০১ নম্বর বাড়ির দ্বিতীয় তলার বাসা থেকে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত নাজমুল বরিশালের মেহেন্দিগঞ্জের মো. মাসুদের ছেলে। তিনি একটি কোম্পানির অ্যাকাউন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রীকে নিয়ে বাড্ডার ওই বাসায় তিনি ভাড়া থাকতেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এই মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) হানিফ।
পুলিশ জানায়, ঘটনার সাত থেকে আট দিন আগে তার স্ত্রী গ্রামের বাড়িতে বেড়াতে যান। এরপর থেকে বাসায় একাই ছিলেন নাজমুল। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। নাজমুলের গলায় ও চোয়ালে ধারালো অস্ত্রের গুরুতর কাটা জখম আছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ডিএমপির বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান জানান, ঘটনাটি দুদিন আগের। আমরা এখনো এর রহস্য উদঘাটন করতে পারিনি। তার স্ত্রী এখনো গ্রামের বাড়িতে। তিনি ফিরলে জিজ্ঞাসাবাদ করা হবে। আশা করি, দুই-তিন দিনের মধ্যে রহস্য উদঘাটন হবে এবং আসামি গ্রেপ্তার হবে।