ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষ্যে লালমনিরহাটে সমাবেশে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ১১-দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। তার এই আগমনকে ঘিরে সকাল থেকেই নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢলে কানায় কানায় পূর্ণ হয়ে সমাবেশস্থল।
দলীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রামের কর্মসূচি শেষ করে দুপুর ১টার দিকে হেলিপ্যাড মাঠে পৌঁছান জামায়াত আমির। সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। লালমনিরহাট জেলা আমির ও লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য প্রার্থীর আবু তাহের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে বিশেষ গুরুত্ব পাচ্ছে নির্বাচনী প্রচারণা।
সমাবেশে লালমনিরহাট ও নীলফামারী জেলার জামায়াত মনোনীত মোট সাতজন সংসদ সদস্য পদপ্রার্থী উপস্থিত রয়েছেন। বিশেষ করে লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতিবান্ধা) আসনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী আনোয়ার ইসলাম রাজুর নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে এই সমাবেশটি বিশাল এক শোডাউনে পরিণত হয়েছে। সমাবেশে কেবল লালমনিরহাট নয়, পার্শ্ববর্তী নীলফামারী জেলা থেকেও হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন।
সমাবেশ ঘিরে তিস্তা ব্যারেজ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নীলফামারী ও লালমনিরহাটের সীমান্তবর্তী এলাকা হওয়ায় দুই জেলার নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশটি এক বিশাল জনসমুদ্রে রূপ নিয়েছে।