রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় দুর্বৃত্তদের মারধরের শিকার হয়ে নাঈম কিবরিয়া (৩৫) নামের এক আইনজীবীর মৃত্যু হয়েছে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে কুর্মিটোলা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুল হক জানান, দিবাগত রাতে নাঈম কিবরিয়া একটি প্রাইভেট কার চালিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলের সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে। এরপর মোটরসাইকেল থেকে নেমে আসা কয়েকজন ব্যক্তি তাকে কিল-ঘুষি মারতে থাকেন। গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে স্বজনেরা খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এসআই মফিজুল হক আরও জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মুখ দিয়ে লালা জাতীয় পদার্থ বের হচ্ছিল এবং মুখ থেকে নেশাজাতীয় দ্রব্যের গন্ধ পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
নাঈম কিবরিয়ার বাড়ি পাবনা সদর উপজেলার চক জয়েনপুর গ্রামে। তিনি ওই গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে। পেশায় আইনজীবী। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।