রাজধানীর শ্যামপুরে জু্রাইন বালুর মাঠ এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোহাম্মদ ইব্রাহিম (৪০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) মধ্যরাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাত ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইব্রাহিমের স্ত্রী মিনারা বেগম বলেন, ‘আমার স্বামী পেশায় একজন ভ্যানচালক। রাতে ভ্যান চালিয়ে জুরাইন বালুর মাঠ এলাকা দিয়ে যাওয়ার পথে হঠাৎ দ্রুতগামী একটি গাড়ি ভ্যানকে ধাক্কা দেয়। এতে আমার স্বামী গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি ভোলা জেলায়। ইব্রাহিম তজিম উদ্দিন উপজেলার খাসিরহাট এলাকার আনিসুল হকের সন্তান। বর্তমানে শ্যামপুরে জুরাইন বালুর মাঠ এলাকায় থাকতেন। তাদের এক ছেলে ও তিন মেয়ে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।