রাজধানীর ডেমরায় আশা আক্তার (২৯) নামের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) মধ্যরাত পৌনে ৩টার দিকে কোনাপাড়া আদর্শবাগ এলাকার একটি বাসা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আশার ভাই আব্দুল্লাহ জানান, তার বোন একটি বিউটি পার্লারে কাজ করতেন। রুবেল নামের এক ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল এবং তাদের সাত বছরের একটি সন্তান রয়েছে। কিন্তু পরে অন্য একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। তার বোন ওই ছেলেকে বিয়ে করতে বললে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলেটি তার বোনকে মারধর করে। পরে বাসায় ফিরে অভিমানে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়।
তিনি আরও জানান, বোনকে ঝুলে থাকতে দেখে দ্রুত ঢামেক হাসপাতাল নিয়ে যান তারা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশা কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা গোছামারা এলাকার আবুল কালামের মেয়ে। তিনি ডেমরার কোনাপাড়া আদর্শবাগ এলাকায় থাকতেন। আবদুল্লাহ বলেন, ‘আমার বোন অত্যন্ত রাগী জেদি ছিল।’
এদিকে এই ঘটনায় অভিযুক্ত ছেলেটিকে পুলিশ আটক করেছে। এ ছাড়া ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ।বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।