সাইনাসজনিত সমস্যার কারণে বিশ্বকাপের বদলে বিসিবি আয়োজিত তিন দলীয় অদম্য কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিচ্ছেন না জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। তার পরিবর্তে ধূমকেতু একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে মুকিদুল ইসলাম মুগ্ধকে। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সাইনাসে আক্রান্ত তাসকিন কয়েকদিন আগে চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসক তাকে কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দেওয়ায় এই বিশেষায়িত টুর্নামেন্টে খেলছেন না তিনি। তবে তাসকিনের অনুপস্থিতি ধূমকেতু একাদশের শক্তিতে বড় কোনো প্রভাব ফেলছে না। দলে আগে থেকেই রয়েছেন মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলামের মতো অভিজ্ঞ পেসাররা। পাশাপাশি স্পিন বিভাগে আছেন রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদের মতো মানসম্পন্ন বোলার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না থাকায় জাতীয় দলের ক্রিকেটারদের একটি বিরতি চলছে। এই সময়টিকে কাজে লাগাতেই বিসিবি আয়োজন করেছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’। দেশের তারকা ক্রিকেটারদের তিনটি দলে ভাগ করে এই সংক্ষিপ্ত টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।
আগামী ৩ ও ৪ ফেব্রুয়ারি তিন দল অনুশীলনে অংশ নেবে। ৫ ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ধূমকেতু ও দুরন্ত। ৬ ফেব্রুয়ারি ধূমকেতুর বিপক্ষে খেলবে দুর্বার,আর ৭ ফেব্রুয়ারি দুরন্তের মুখোমুখি হবে দুর্বার। ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল, যেখানে লড়বে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিদিন সন্ধ্যা ৬টায় ম্যাচগুলো শুরু হবে।
ধূমকেতু একাদশ:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, মুকিদুল ইসলাম মুগ্ধ ও শরিফুল ইসলাম।