রাজধানীর পল্লবী থানার মিরপুর-১০ নম্বর এলাকার একটি তৃতীয় তলার বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মোছা. সানজিদা ইসলাম মীম (১৯) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন। মীম মিরপুর কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে অচেতন অবস্থায় মীমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মীমের ভাই মো. সাখাওয়াত হোসেন বলেন,‘আমার বোন মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। সকালের দিকে পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে আমরা টের পেয়ে দ্রুত অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে যাই। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’
সাখাওয়াত আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি বরগুনা জেলার চাঁদখালি এলাকায়। আমরা বর্তমানে মিরপুরের-১০ নম্বরের ১৯ নম্বর বাসার দ্বিতীয় তলায় থাকি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক খবরের সত্যতা নিশ্চিত করে জানান, মীমের মরদেহ ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।