রাজধানীর বাড্ডায় ই-রিকশা বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সাধারণ ব্যাটারিচালিত রিকশাচালকরা।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডা ফুজি টাওয়ারের সামনের প্রধান সড়কে অবস্থান নেন তারা। এর ফলে কুড়িল থেকে রামপুরা পর্যন্ত সড়কের দুই পাশেই যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
বিক্ষুব্ধ চালকদের দাবি, লিথিয়াম ব্যাটারিচালিত রিকশাগুলো রাস্তায় নামার ফলে তারা যাত্রী সংকটে ভুগছেন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলেও ঘোষণা দিয়েছেন। আন্দোলনরত চালকরা হুঁশিয়ারি দিয়ে জানান, যদি দ্রুত তাদের দাবি মেনে নেওয়া না হয়, তবে আগামীতেও তারা একই ধরনের প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবেন।
সকাল থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ। বিশেষ করে বাড্ডা এলাকায় মেট্রোরেলের কাজ চলমান থাকায় এমনিতে যাতায়াতের জায়গা সীমিত, তার ওপর সড়ক অবরোধের ফলে যানজট ভয়াবহ আকার ধারণ করেছে। অনেক যাত্রীকে বাস থেকে নেমে দীর্ঘ পথ হেঁটে গন্তব্যের দিকে রওনা হতে দেখা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাড্ডা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, রিকশা চালকদের একটি দাবির পরিপ্রেক্ষিতে এই অবরোধ সৃষ্টি হয়েছে। মেট্রোরেলের কাজের কারণে রাস্তায় যানজট এমনিতেই বেশি, অবরোধের ফলে তা আরও কয়েকগুণ বেড়েছে। পুলিশ চালকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।