রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী প্রাণ হারিয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—কলেজ শিক্ষার্থী খায়রুল হোসেন কামরুল (২১) ও তার বন্ধু মো. ইয়াসিন (২৫)। তাদের লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
খায়রুল কিশোরগঞ্জ সদর উপজেলার মাহিনন্দা মাঝপাড়ার হারুনুর রশীদের ছেলে। তিনি রাজধানীর ভাষানটেক সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে ইয়াসিন মোটরসাইকেল কেনাবেচা ব্যবসা করতেন। তার বাবার নাম ফয়েজ উদ্দিন।
দুর্ঘটনার সময় দুই একই মোটরসাইকেলে ছিলেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদেরকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। রাত ১১টার দিকে খায়রুলকে মৃত ঘোষণা করেন সেখানকার চিকিৎসক। পরে চিকিৎসাধীন ইয়াসিনও রাত সাড়ে ১২টার দিকে মারা যান।