রাজধানীর পুরান ঢাকার ওয়ারী এলাকায় অবস্থিত পাস্তা ক্লাব রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ বিস্ফোরণ ঘটে। পরে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়।
দগ্ধরা হলেন, শাহ আলাম (৪৫), মো. ইউনুস (৩০), মো. সৌরভ (২৫), মোহাম্মদ মেহেদী (২৫), মোহাম্মদ মোস্তফা (২৭), মো. আবীর (২২), মো. কামরুল ইসলাম (২০) ও মো. জসিম (২৮)।
দগ্ধদের হাসপাতালে নিয়ে যাওয়া ইউসুফ শেখ জানান, ওয়ারীর পাস্তা ক্লাব রেস্টুরেন্টে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আট জন আহত হন। পরে আমরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি, এখন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, এই আট জনের মধ্যে সাত জনই ওই রেস্টুরেন্টের কর্মচারী এবং একজন ক্যাশিয়ার। চিকিৎসক জানিয়েছেন, ক্যাশিয়ার শাহ আলমের অবস্থা আশঙ্কাজনক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঢামেকের জরুরি বিভাগে আট জন এসেছেন। তাদের মধ্যে শাহ আলমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বাকি সাত জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবহিত করেছি।