রাজধানীর জিয়া উদ্যান থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক এহসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আহসান জহীর খান (৫০)। রোববার (১ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন সোমবার এক বিজ্ঞপ্তিতে সিটিটিসি জানায়, জহীর নব্য জেএমবির সক্রিয় সদস্য।
ডিএমপির মিডিয়া বিভাগের দেওয়া তথ্য অনুসারে, রোববার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর থানাধীন জিয়া উদ্যান লেকের দক্ষিণ-পশ্চিম দিকে অভিযান পরিচালনা করে জহীরকে গ্রেপ্তার করা হয়।
সিটিটিসি বলছে, জহীর ও তার অন্যান্য পলাতক সহযোগীরা নব্য জেএমবির আদর্শে উজ্জীবিত হয়ে প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতি করার লক্ষ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও প্রচেষ্টা নেওয়ার উদ্দেশ্যে ঘটনাস্থলে মিলিত হন। তারা অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামসহ বিভিন্ন অ্যাপস দ্বারা গ্রুপ চ্যাট, পারসোনাল চ্যাট ও চ্যানেল ইত্যাদির মাধ্যমে ভিন্ন ভিন্ন ছদ্মনামে নিজেদের মধ্যে যোগাযোগ করে উগ্রবাদী লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ বাস্তবায়নের জন্য কার্যক্রম পরিচালনা করতেন।
তারা আরও জানিয়েছে, গ্রেপ্তার আহসান জহীর খানের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। তাকে শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আদালতে পাঠানো হয়েছে।