জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশিরকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডিতে শিশির উল্লেখ করেন, সোমবার (২ ফেব্রুয়ারি) আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে তিনি তার বাসায় অবস্থান করছিলেন। ওই সময় একটি অজ্ঞাত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তাকে কল করা হয়। অজ্ঞাত কলদাতা পরিচয় না দিয়ে অকথ্য ভাষায় তাকে গালাগাল করেন ও গুলি করে হত্যার হুমকি দেন। পরে একই নম্বর থেকে বারবার কল করে তাকে ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করার ভয় দেখানো হয়।
জয়নাল আবেদীন শিশির জিডিতে আরও উল্লেখ করেন, তিনি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা হিসেবে রাজনৈতিক ও সামাজিকভাবে সক্রিয় থাকায় এই হুমকিকে তিনি গুরুতর নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখছেন। এ কারণে নিজের ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি থানায় সাধারণ ডায়েরি করতে বাধ্য হয়েছেন।
হাতিরঝিল থানার ডিউটি অফিসার অভিযোগটি গ্রহণ করে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করেছেন। জিডিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।