বাংলাদেশের পার্টিকেল বোর্ড শিল্পে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের ই-জিরো সার্টিফিকেটপ্রাপ্ত বোর্ড উন্মোচন করেছে সুপার বোর্ড। টি কে গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সুপার ফরমিকা অ্যান্ড লেমিনেশন লিমিটেডের ব্র্যান্ডটি দাবি করেছে, আমেরিকার কার্ব/ইপিএ স্বীকৃত ই-জিরো সার্টিফিকেট পাওয়া বাংলাদেশের প্রথম ও একমাত্র পার্টিকেল বোর্ড এটি। এ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলন ও পণ্য উন্মোচন অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় স্থপতি, শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যম প্রতিনিধি ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটি জানায়, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ফরমালডিহাইড নির্গমনের মাত্রা ই-জিরো, ই-ওয়ান ও ই-টু—এই তিনটি শ্রেণিতে বিভক্ত। এর মধ্যে ই-জিরো সর্বোচ্চ ও সবচেয়ে কঠোর মান হিসেবে বিবেচিত হয়। এতে ফরমালডিহাইড নির্গমনের মাত্রা প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি থাকে এবং মানবস্বাস্থ্যের জন্য তুলনামূলকভাবে সবচেয়ে নিরাপদ। এতদিন দেশের বাজারে মূলত ই-ওয়ান বা তার নিচের মানের পার্টিকেল বোর্ড পাওয়া যেত।
সুপার বোর্ডের দাবি, স্বাস্থ্য, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই আন্তর্জাতিক মানসম্পন্ন ই-জিরো বোর্ড বাজারে আনার উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটি আমেরিকার কার্ব/ইপিএ স্বীকৃত ই-জিরো সার্টিফিকেট অর্জন করেছে।
অনুষ্ঠানে দেশবরেণ্য স্থপতি কাজী গোলাম নাসির, স্থপতি ও অধ্যাপক আবু সাঈদ এম আহমেদ, বিজনেস ডিরেক্টর মো. শফিউল আথার, বিজনেস ডিরেক্টর মোহাম্মদ মোফাচ্ছেল হক, টি কে গ্রুপের উপদেষ্টা মাহফুজুর রহমান, হেড অব বিজনেস মোহাম্মদ নুরুন নবী, হেড অব বিজনেস অপারেশন আবু ফাতাহ মো. জাবেদ, হেড অব ব্র্যান্ড (টি কে গ্রুপ) মো. ইব্রাহিম খলিল নয়ন, কিউসি/কিউএ ও আরঅ্যান্ডডির এজিএম ইঞ্জি. মো. শাহ নেওয়াজ এবং হেড অব ব্র্যান্ড (সুপার বোর্ড) আ. আ. মু. আবিদ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এটি শুধু একটি নতুন পণ্যের উদ্বোধন নয়, বরং দেশের ইন্টেরিয়র ও নির্মাণশিল্পে স্বাস্থ্যসচেতনতার নতুন অধ্যায়ের সূচনা। তাদের মতে, আন্তর্জাতিক মানসম্পন্ন, পরিবেশবান্ধব ও স্বাস্থ্যনিরাপদ ই-জিরো বোর্ডের প্রবর্তন দেশের নির্মাণ ও আসবাবশিল্পে নতুন মানদণ্ড তৈরি করবে এবং ভোক্তাদের জন্য আরও নিরাপদ ও টেকসই সমাধান নিশ্চিত করবে।