কানাডা–বাংলাদেশের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে জাঁকজমকপূর্ণ ‘বিজনেস গালা নাইট’ আয়োজন করেছে কানাডার বাংলাদেশ বিজনেস চেম্বার (বিবিসিসি)। শনিবার (২৭ জুন) কানাডার রিচমন্ড হিলের শেরাটন পার্কওয়ে টরন্টো নর্থ হোটেল অ্যান্ড স্যুইটসে অনুষ্ঠিত এ আয়োজনে দুই দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা, ব্যাংকার, বিনিয়োগকারী, পেশাজীবী, জনপ্রতিনিধি ও কমিউনিটি নেতারা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিসিসির সভাপতি আলমগীর রহমান। শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির পরিচালক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইকবাল রশদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. জসীম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কানাডার সংসদ সদস্য ডলি বেগম। এছাড়া বিবিসিসির প্রধান উপদেষ্টা সুবীর কুমার দে বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. জসীম উদ্দিন কানাডা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার ক্রমবর্ধমান সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশি-কানাডীয় উদ্যোক্তাদের আরও শক্তিশালী ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ হাইকমিশন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, বিবিসিসি দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করেছে।
বিশেষ অতিথি ডলি বেগম বলেন, কানাডার অর্থনীতিতে বাংলাদেশি-কানাডীয় উদ্যোক্তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সরকারি সহায়তা কর্মসূচি, ব্যবসায়িক উদ্ভাবন ও কমিউনিটির সহযোগিতা আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিবিসিসির বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিবিসিসির নেতারা ব্যবসা উন্নয়ন, প্রযুক্তি, বিনিয়োগ, অর্থায়নের সুযোগ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে ধারাবাহিক উপস্থাপনা করেন। সংগঠনটির পরিচালক শিপন হাওলাদার তথ্যপ্রযুক্তি আউটসোর্সিং ও প্রযুক্তিগত অংশীদারিত্বের সম্ভাবনা তুলে ধরেন।
![]()
তানভীর নেওয়াজ ‘বাংলাদেশ ও কানাডা: বাণিজ্য, বিনিয়োগ ও অংশীদারিত্বের নতুন অধ্যায় নির্মাণ’ শীর্ষক উপস্থাপনায় দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
বিবিসিসির পরিচালক ও ভাইস প্রেসিডেন্ট শহিদুল ইসলাম মিন্টু ব্যবসায়িক অর্থায়নের বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা করেন। তিনি সরকারি অর্থায়ন কর্মসূচি, অনুদান, বিভিন্ন ধরনের অর্থায়ন, ব্যাংকিং সহায়তা এবং কানাডিয়ান ব্যবসার জন্য বিদ্যমান রপ্তানি সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরে উদ্যোক্তাদের এসব সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।
সংগঠনটির পরিচালক ও ভাইস প্রেসিডেন্ট ফেরদৌস আহমেদ কানাডা ও বাংলাদেশের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য এবং বাণিজ্যিক অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে আলমগীর রহমান বলেন, উদ্যোক্তাদের সহায়তা, বিনিয়োগ উৎসাহিত করা, ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং কানাডা–বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে বিবিসিসি ভবিষ্যতেও কাজ করে যাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো. জসীম উদ্দিন এবং বিশেষ অতিথি ডলি বেগমের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন বিবিসিসির নেতারা। কানাডা–বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশি-কানাডীয় ব্যবসায়ী সমাজের উন্নয়নে তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।
সাংস্কৃতিক পর্বে প্রবাসী বাংলাদেশি পুরস্কারপ্রাপ্ত শিল্পী শামিত বড়ুয়া ও মহুয়া পারিয়াল মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন, যা অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
সমাপনী বক্তব্যে বিবিসিসির পরিচালক নাসিরউদ্দিন মাহমুদ প্রধান অতিথি, বিশেষ অতিথি, বক্তা, পৃষ্ঠপোষক, অতিথি, স্বেচ্ছাসেবক ও আয়োজক কমিটির সদস্যদের ধন্যবাদ জানান। তিনি উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধি এবং কানাডা–বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও এগিয়ে নিতে বিবিসিসির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল র্যাফেল ড্র। এতে বিজয়ীদের মধ্যে বিভিন্ন মূল্যবান পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার হিসেবে ৭৫ ইঞ্চির একটি স্মার্ট এলইডি টেলিভিশন স্পন্সর করেন বিবিসিসির পরিচালক মাসুদ মল্লিক। বাংলাদেশ প্লাজার সৌজন্যে একটি এইচপি স্লিম বিজনেস ল্যাপটপ প্রদান করা হয়, যার পৃষ্ঠপোষক ছিলেন বিবিসিসির পরিচালক ও ভাইস প্রেসিডেন্ট শহিদুল ইসলাম মিন্টু এবং মোহাম্মদ আব্দুল আওয়াল। এছাড়া টিম হর্টন্সের উপহার কার্ড স্পন্সর করেন বিবিসিসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইকবাল রশদ।
নতুন উদ্দীপনা ও পারস্পরিক অঙ্গীকারের মধ্য দিয়ে বিবিসিসি বিজনেস গালা নাইট ২০২৬-এর সমাপ্তি হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি, দ্বিপাক্ষিক অংশীদারিত্ব জোরদার এবং বাংলাদেশি-কানাডীয় ব্যবসায়ী সমাজের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।