সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের (প্রতিষ্ঠিত ১৮৮২) প্রাক্তন শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন দ্যা গ্রেগোরিয়ান অ্যাসোসিয়েশন (টিজিএ) তাদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
দিনটি উপলক্ষে শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর ঢাকা ক্লাব লিমিটেডের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রজন্মের প্রাক্তন শিক্ষার্থী, বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষাবিদ এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব সৈয়দ মারগুব মুর্শিদ, সাবেক পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বুখতেয়ার, সিনিয়র অ্যাডভোকেট মহসেন রশিদ, দ্যা গ্রেগোরিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য হুমায়ুন কাদের চৌধুরী এবং সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার লিও পেরেরা, সিএসসি। এছাড়া গ্রেগোরিয়ান কমিউনিটির বিশিষ্ট সদস্য, শিক্ষাবিদ এবং বিভিন্ন পেশার গুণীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যৌথভাবে সভাপতিত্ব করেন দ্যা গ্রেগোরিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি মুনাদির ইসলাম এবং ঢাকা ক্লাব লিমিটেডের সভাপতি শামীম হোসেন।
বক্তারা বলেন, চার দশকের পথচলায় দ্যা গ্রেগোরিয়ান অ্যাসোসিয়েশন পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সেবা, জনকল্যাণ এবং সেন্ট গ্রেগরিজের মূল্যবোধ ধারণ ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও সংগঠনটি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
আলোচনা ও স্মৃতিচারণ পর্বে বক্তারা সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা, সংস্কৃতি ও দেশ গঠনে অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, ‘গ্রেগোরিয়ান’ পরিচয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী হওয়ার পরিচয় নয়, এটি দীর্ঘদিনের ঐতিহ্য, মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার প্রতীক।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।