অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ও সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আলোচনা পর্ব শুরু হয়। এতে স্বাগত বক্তব্য দেন আয়োজনের কনভেনর ও বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম ইকবাল আজিম।
আলোচনা সভায় বক্তারা বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর স্বভাব, চরিত্র, জীবনাচরণ ও মানবিক গুণাবলি সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন করা প্রয়োজন। তাঁর জীবনের লক্ষ্য, কর্ম ও আদর্শ উপলব্ধি করে তা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, মহানবী (সা.) জাহেলিয়াতের অন্ধকার ও বিশৃঙ্খল সমাজকে মাত্র ২৩ বছরের মধ্যে শান্তি, ন্যায় ও আদর্শের ভিত্তিতে একটি সুসংগঠিত সমাজে রূপান্তর করেছিলেন। তাঁর জীবন কেবল ধর্মীয় অনুশাসনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানবজাতির কল্যাণ, শান্তি, ন্যায়বিচার ও সুশাসনের ক্ষেত্রে তাঁর আদর্শ অনুকরণীয়।
দু’দিনব্যাপী ‘সীরাহ্ ফেস্ট ২০২৬’-এ শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ের ওপর প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও সেমিনার কক্ষের সামনে ইসলামিক বইয়ের প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড প্লেসমেন্ট অফিসের উপপরিচালক কে. এম. মনিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন বিভাগের প্রভাষক ওমর ফারুক তামিম এবং মোনায়েম খান।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আবুল বাশার খানের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।