নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নতুন করে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডলকে পুড়িয়ে হত্যার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলায় আদালতের মাধ্যমে তাকে গ্রেপ্তার দেখানো হয়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। পৃথক পাঁচ মামলায় জামিন পাওয়ার পরপরই তাকে আবারও গ্রেপ্তার দেখানো হলো। এ নিয়ে তার বিরুদ্ধে ১১টি মামলা হলো।
পুলিশ জানিয়েছে, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া মামলাটির নম্বর ৪১। এটি তদন্ত করছেন থানার উপ-পরিদর্শক (এসআই) মাছুম বিল্লাহ। তদন্তে সাবেক মেয়র আইভীর সম্পৃক্ততার অভিযোগ পাওয়ার পর তাকে শোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়। আদালত আবেদন গ্রহণ করে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই চিটাগাং রোড এলাকার ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের নিচতলায় অগ্নিসংযোগ হয়। ওই সময় ব্যাংকের ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত সেলিম মণ্ডলসহ তিন শ্রমিক আগুনে পুড়ে মারা যান। পরে গত ৩০ জুন কৃষক ওয়াজেদ আলী বাদী হয়ে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডলকে পুড়িয়ে হত্যার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটে।
এদিকে গত ২৬ ফেব্রুয়ারি সেলিনা হায়াৎ আইভী ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা ও পারভেজ হত্যা মামলায় জামিন পান বলে পুলিশ সূত্রে জানা যায়। পাশাপাশি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলাতেও তিনি জামিন লাভ করেন।
গত বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। একই বছরের নভেম্বরে বাংলাদেশ হাইকোর্ট পাঁচটি মামলায় তাকে জামিন দেন। পরে বিষয়টি আপিল বিভাগে ওঠে। সবশেষে গত ১৮ নভেম্বর ফতুল্লা ও সদর থানায় দায়ের করা আরও পাঁচটি মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার দেখানো হয়।