ফেনীর দাগনভূঞা উপজেলায় একটি পারিবারিক মন্দিরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। রোববার (১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ৪নং রামনগর ইউনিয়নের তুলাতলি বাজার সংলগ্ন ৩নং ওয়ার্ড দক্ষিণ আজিজ ফাজিলপুর এলাকায় মনোরঞ্জন ডাক্তার বাড়ির পারিবারিক মন্দিরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরের লোহার শক্ত গেইটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা মন্দিরে থাকা মূল্যবান পূজার বিভিন্ন সরঞ্জামাদি লুট করে নিয়ে যায়। এছাড়া মন্দিরের ভেতরে সিংহাসনে সংরক্ষিত মূল্যবান ধর্মীয় গ্রন্থসহ অন্যান্য আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার পর সোমবার সকালে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা ও নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন।
ঘটনার রহস্য উদঘাটনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।