বগুড়ার ধুনটে লিলি খাতুন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী রাজু মিয়া পলাতক রয়েছেন। লিলি খাতুনের মরদেহ বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
নিহত লিলি খাতুন উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, প্রায় আট বছর আগে রাজু মিয়ার সঙ্গে লিলি খাতুনের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে এক ছেলে সন্তান রয়েছে। রাজু মিয়া যমুনা নদীতে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। অভাব-অনটনের মধ্যেই চলছিল তাদের সংসার।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেয় এবং প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে তারা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে প্রতিবেশীরা ঘরের ভেতরে লিলিকে বাঁশের আড়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ মন্ডল জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। স্বামী রাজু মিয়া পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।