শরীয়তপুরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন করেছেন কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শহরের কোনো একটি স্থানে এ কর্মসূচি পালন করা হয়। এসময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। শুক্রবার (৬ মার্চ) দিনগত রাতে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের জেলা শাখার ব্যানারে সমবেত হয়ে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। তাদের অনেককে মুখে মাস্ক পরিহিত অবস্থায় দেখা যায়। এদের মধ্যে আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মীকে দেখা যায়। তারা মোমবাতি প্রজ্বলন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার ছবিতে ফুলের মালা পরিয়ে দেন। এসময় বিভিন্ন স্লোগানও দিতে দেখা যায়।
বিষয়টি নিয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘আমরা গতকাল রাত তিনটা পর্যন্ত টহল দিয়েছি। এ ধরনের কোনো কর্মসূচি আমাদের চোখে পড়েনি, এমনকি খবরও পাইনি। হতে পারে পুরোনো ভিডিও এখন ছেড়ে নতুন বলে চালিয়ে দিচ্ছে। তারপরও আমরা বিষয়টি খোঁজখবর নিয়ে দেখবো।’